নিউজ ডেস্ক: ঢাকায় মেট্রোরেল চালু হওয়ায় সারাদেশের মানুষ খুশি হলেও বিএনপি খুশি হতে পারেনি। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ভুল অসত্য তথ্য নিয়ে গতদিন বিএনপি নেতা নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলন করলেন। বিভিন্ন দেশের মেট্রোর ভাড়া নিয়ে তিনি মিথ্যা তথ্য পরিবেশন করেছেন। আজকে পুরো দেশ খুশি অথচ তারা খুশি হতে পারছে না। এই যে রাজনৈতিক দৈন্য, এটি দেশের উন্নয়ন-অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধক।
তিনি বলেন, আমি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো যে, দায়িত্বশীলদের যেমন সমালোচনা হবে, যারা বিরোধী দলে থাকে তাদেরও একটা দায়িত্ব থাকে তাদেরও সমালোচনা হওয়া প্রয়োজন। আপনারা দুটি বিষয়ই দেখবেন।
আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের একচোখা নীতি নিয়ে দেখে না এবং যে সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারকে টেনে নামানোর আন্দোলনে ব্যস্ত, তাদেরকেও সরকারের অনুদান দেয়া হয় এবং হচ্ছে’ উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
ডক্টর হাছান বলেন, বিএনপি আমলে ২০০১ সালে কলমের এক খোঁচায় বাংলাদেশ সংবাদ সংস্থার ২৬ জন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছিল। অথচ আওয়ামী লীগ আমলে ভিন্নমতের জন্য একজন সাংবাদিককেও বরখাস্ত করা হয়নি। সব সাংবাদিকের জন্য গণমাধ্যম বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৃষ্ট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট দল-মত নির্বিশেষে সব সাংবাদিককে সহায়তা দিচ্ছে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply