রাজউকের নকশায় আছে, বাস্তবে নেই…

৩০ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা মহানগরীর প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৪৯ হাজার মানুষের বাস। তাই অতি-ঘনবসতিপূর্ণ এই নগরীতে করোনা পরিস্থিতিতে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে উন্মুক্ত স্থান খুবই প্রয়োজন। রাজউকের নকশায় জনগণের ব্যবহারের জন্য খেলার মাঠ ও ওয়াকওয়ে থাকলেও বাস্তবে তা নেই। বরং নানান কায়দায় বিভিন্নজনকে এসব স্থান বরাদ্দ দেয়া হয়েছে। এমন মন্তব্য করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি ডেভেলপার প্রতিষ্ঠানসহ সবাইকে রাজউক অনুমোদিত নকশা পরিপূর্ণভাবে বাস্তবায়নের আহ্বান জানান। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে রাজউকের প্রতিও আহ্বান জানান।

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং-২০২১’র শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুরে জলাধারের জন্য নির্ধারিত ১৭৩ একর জমির মধ্যে মাত্র ৩ একর জমিতে জলাধার রয়েছে। বাকি ১৭০ একর জমিই অবৈধ দখলদারদের দখলে। ইতোমধ্যে ডিএনসিসি খাল উদ্ধার ও পরিস্কার কার্যক্রম শুরু করেছে। তিনি অবৈধ দখলদারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিআইপি’র প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আখতার মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মেয়র আতিক/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *