১০ মে ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, রেদওয়ানের গুলিবর্ষণ বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে হয়েছে কি না খতিয়ে দেখা প্রয়োজন। তিনি বলেন, এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ কুমিল্লায় তরমুজ ছোঁড়ার প্রত্যুত্তরে গুলি ছুঁড়ে আওয়ামী লীগ কর্মীদের আহত করেছেন, সেটি বিএনপির মহাসচিব বা অন্য কোনও শীর্ষ নেতার নির্দেশে করেছেন কি না, তা খতিয়ে দেখা দরকার।
মঙ্গলবার বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডক্টর হাছান মাহমুদ বলেন, কুমিল্লায় এলডিপির মহাসচিব যে ঘটনাটি ঘটিয়েছেন, সেটি অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। সেখানে আমাদের দলের কর্মীরা জমায়েত হয়েছিল এবং তিনিই সেখানে গেছেন। একটি তরমুজ ছোঁড়ার প্রত্যুত্তরে তিনি গুলি ছুঁড়েছেন এবং আমাদের দলের দু’জন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন।
তিনি বলেন, ‘ফিলিস্তিনের শিশুরা যখন ইসরায়েলী বাহিনীর প্রতি ঢিল ছোঁড়ে, প্রত্যুত্তরে তারা গুলি ছোঁড়ে। আর কুমিল্লায় ঢিলও ছোঁড়েনি, একটি তরমুজ ছুঁড়েছে, তার প্রত্যুত্তরে রেদওয়ান আহমেদ সাহেব গুলি ছুঁড়েছেন। আর রেদওয়ান আহমেদের এই গুলি ছোঁড়ার পক্ষে সাফাই গেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব এবং তিনি আরও নানাধরণের কথা বলেছেন। এখন রেদওয়ান আহমেদ বিএনপির মহাসচিব কিংবা অন্য কোনও শীর্ষ নেতার নির্দেশে গুলি ছুঁড়েছেন কি না, তা খতিয়ে দেখা দরকার। ঘটনাটি তদন্তাধীন, সঠিক তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে এবং যারাই দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে তথ্যমন্ত্রী রংপুর মহানগর কোতোয়ালি থানার ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন। রংপুর টাউন হলে আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ কায়সার রাশেদ খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফি। প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ শাজাহান খান এমপি, বিশেষ অতিথি হিসেবে এইচ এন আশিকুর রহমান এমপিসহ অন্যরা সম্মেলনে বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply