রোদ গলে গেল কন্টাক্ট লেন্স

০২ মার্চ ২০২১ (বিনোদন ডেস্ক): কক্সবাজার সমুদ্রসৈকতে ফটোশুটে অংশ নিয়েছিলেন অভিনেত্রী তানহা তাসনিয়া। শুটিংয়ে চোখে পরেছেন কন্টাক্ট লেন্স। প্রখর রোদে দুপুর পর্যন্ত শুটিং চালিয়ে যাওয়ায় চোখে থাকা কন্টাক্ট লেন্স গলে যায়। পরে দ্রুত ঢাকায় এসে চোখের ডাক্তার দেখান তিনি।

তানহা বলেন, চোখে কন্টাক্ট লেন্স লাগিয়ে শুটিং করছিলাম। তবে এই লেন্স ব্যবহার করে নির্দিষ্ট তাপমাত্রায় থাকতে হয়। আমি সেটা খেয়াল করিনি।

তিনি বলেন, চোখের সমস্যাটা বাড়ে বেশি তাপমাত্রায় শুটিংয়ের কারণে। তার সামনে শুটিংয়ের সময় কয়েক হাজার কিলোওয়াটের লাইট ছিল। সেখান থেকে সরাসরি তাপ তার চোখে এসে লাগে। অন্যদিকে সূর্যের তাপ তো ছিলই। সেটা বুঝতে পারেননি তিনি।

অভিনেত্রী বলেন, রোদের তাপ এবং শুটিংয়ের ভারী লাইটের আলোর তাপের কারণে আমার কন্টাক্ট লেন্স গলে যায়। সাথে সাথে আমি চোখে ঝাপসা দেখা শুরু করি। পরে আমি লেন্স খুলে ফেলি। তখন আলোই চোখে সহ্য করতে পারছিলাম না, একপর্যায়ে দৃষ্টি আরও ঝাপসা হতে থাকে। প্রাথমিকভাবে চোখে ব্যান্ডেজ করা হয়। পরে দ্রুত কক্সবাজার থেকে ঢাকায় এসে চোখের ডাক্তার দেখাই।

তানহা জানান, তিনি চিকিৎসা নিয়ে এখন আগের চেয়ে কিছুটা ভালো। তবে এখনও দৃষ্টি পরিষ্কার না। চিকিৎসকেরা জানিয়েছেন, সাত দিন অপেক্ষা করতে হবে। এই সময়ে তাঁকে শুটিংয়ের ভারী লাইটের সামনে যাওয়া যাবে না।

অভিনেত্রী তানহা তাসনিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *