০১ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশবাসীকে লকডাউন বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। একইসাথে দলের নেতা-কর্মীদের খেটে খাওয়া মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসুরক্ষার স্বার্থে, এই করোনা থেকে রক্ষা করতে সরকার লডকডাউন ঘোষণা করেছে। তিনি নিজের, পরিবারের এবং দেশের স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান।
ডক্টর হাছান বলেন, সরকার এই লকডাউন কখনও প্রলম্বিত করতে চায়না। কিন্তু জনগণের স্বাস্থ্যসুরক্ষার জন্যই এ ব্যবস্থা নিতে হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন লকডাউন সমাধান বলেও আমরা মনে করি না। সবাই যদি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলি, তাহলে আমাদের পক্ষে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। দলের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৫ জন নেতা এই করোনায় মারা গেছেন। অনেক নেতা আক্রান্ত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের ১২৫ জনেরও বেশি সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের অনেকে এবং দলের সাত থেকে আটশ’ নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
এসময় লকডাউন চলাকালে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমাদের দলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিল এখনও আছে। অতীতের মতো এখনও খেটে খাওয়া মানুষেরর পাশে থাকার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।
তথ্যমন্ত্রী/এসকেএম















