শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ হবে

১২ জুন ২০২২ (নিউজ ডেস্ক): প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের চ্যালেঞ্জ উত্তরণে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করা হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাবেক নির্বাচন কমিশনারদের সাথে আয়োজিত সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, সামনে ছোটখাটো কয়েকটি নির্বাচন রয়েছে, ঈদ রয়েছে। তারপরই আমরা সংলাপ শুরু করবো। যখন মতবিনিমিয় করবো আমরা সাজেশন চাইবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো আরও পদ্ধতিগত কী পরিবর্তন করা যেতে পারে, সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য তা চাইবো। ব্যক্তি নয়, সিস্টেম যদি উন্নত করতে পারি, নির্বাচন অনেক বেশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

সাবেক কমিশনারদের সাথে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, অতিথিরা বলেছেন, বর্তমান যে সিস্টেম আছে, এখানে খুব বেশি ভালো করা সম্ভব নয়। এটা একটু কমবেশি কিছু হতে পারে। আমরা যদি দৃঢ় থাকি, আইন দৃঢ়ভাবে বাস্তবায়নের চেষ্টা করি, তাহলে অনেকটা উন্নয়ন সম্ভব।

সিইসি বলেন, আমরা শপথ গ্রহণ করেছি, বর্তমান যে আইনি কাঠামো রয়েছে, সাংবিধানিক কাঠামো রয়েছে এর মধ্যেই নির্বাচন করতে হবে। কেউ কেউ বলেছেন, একাধিক দিনে নির্বাচন করলে আইন-শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজ হবে। কেউ কেউ বলেছেন, এতে সমস্যাও হবে। এ নিয়ে কোনও ঐকমত্য হয়নি। কাজেই একাধিক দিনে নির্বাচন করলে আমাদের জন্য অসুবিধাও হতে পারে। ওই ধরনের প্রস্তুতি আমাদের নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও দলগুলোর সাথে সংলাপ করিনি। সবাই বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে। নির্বাচন যদি ইনক্লুসিভ না হয়, নির্বাচনের গ্রহণযোগ্যতা বাস্তব অর্থে থাকবে না। রাজনৈতিক সংস্কৃতি অনেকটা নষ্ট হয়ে গেছে। এই কালচারের মধ্যে কিছু ইতিবাচক গুণ আনতে হবে। তাদের মধ্যে পরম সহিষ্ণুতা, ঐকমত্য যদি না থাকে, নির্বাচন কমিশনের একার পক্ষে খুব ভালো নির্বাচন করা সম্ভব হবে না। দলগুলোর মধ্যে সমঝোতা, ঐকমত্য না থাকলে আমাদের পক্ষে নির্বাচন করা কষ্টকর হবে। এটা আমরা যেমন আগে বলেছি, উনারাও বলেছেন।

গত মার্চ মাস থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সাথে ধারাবাহিক সংলাপ করছে ইসি। গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ-বুদ্ধিজীবী ও নাগরিক সমাজ এবং বার্তা সংস্থা, প্রিন্ট মিডিয়ার সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, প্রধান বার্তা সম্পাদক, সিনিয়র সাংবাদিকদের সাথে সংলাপ করে ইসি।

নির্বাচন কমিশন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *