১৭ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, আশা করি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও চমৎকার হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে দৈনিক ভোরের আকাশ পত্রিকার নবরূপে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ডক্টর হাছান মাহমুদ বলেন, গতকাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমন সুন্দর নির্বাচন হয়েছে যে, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত কোন ধরণের বিশৃঙ্খলা সেখানে হয়নি। সারাদেশে যে পাঁচটি পৌরসভায় নির্বাচন হয়েছে সব জায়গায় অত্যন্ত সুন্দর, ভালো নির্বাচন হয়েছে। পাঁচটির মধ্যে চারটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। পার্লামেন্ট আসনের নির্বাচনও সুন্দর হয়েছে। নারায়ণগঞ্জ পৌরসভায় গতকাল যে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, আশা করি আগামী সংসদ নির্বাচনও এরকম চমৎকার হবে।
গতকালের নির্বাচনের মাধ্যমে এটিই স্পষ্ট হয়েছে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে’ যোগ করেন তিনি।
মন্ত্রী বলেন অপরদিকে বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলেও, দৃশ্যত অংশ না নিলেও ভিন্ন অবয়বে সব জায়গাতে তারা নির্বাচনে ছিল। তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাদের জনপ্রিয়তা কোন জায়গায় আছে এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। আমি আশা করবো সবকিছু নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে সংশ্লিষ্টরা বিরত থাকবেন।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, কোনও জায়গায় যদি কোনও বিচ্যুতি, অনিয়ম হয়, অবশ্যই সেটি পত্রিকায় আসবে। পাশাপাশি দেশটা যে আজকে এতো এগিয়ে গেলো, আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেলো, সেটা নিয়ে তো দেশে যেভাবে মাতামাতি হওয়ার কথা ছিল, তা হয়নি। এই করোনার মধ্যে পৃথিবীর মাত্র ২০টি দেশে ‘পজিটিভ জিডিপি গ্রোথ’ হয়েছে, তারমধ্যে বাংলাদেশ একটি এবং বাংলাদেশের অবস্থান তিন নম্বর। সেটি নিয়ে তো আমাদের দেশে পত্রপত্রিকায় মাতামাতি হয়নি। জাতির এগিয়ে যাওয়ার গল্পটাও তো জাতিকে শোনাতে হবে, সেটি আমাদের গণমাধ্যমের নৈতিক দায়িত্ব।
তথ্যমন্ত্রী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:














Leave a Reply