সংসদ সদস্য পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

নিউজ ডেস্ক: দণ্ড বাতিল হওয়ার পর সংসদ সদস্য পদ ফিরে পেয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার সকালে এ পদ ফিরিয়ে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এর আগে শুক্রবারই সুপ্রিমকোর্ট তার শাস্তি স্থগিত করেন। ফলে মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা, সেই কর্মসূচিতে যোগ দিতে পারবেন তিনি।

উল্লেখ্য, কেরালার ওয়েনাড়ের সংসদ সদস্য রাহুল গান্ধীকে মোদি পদবি অবমাননা মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন সুরাতের আদালত। তাকে দুই বছরের কারাদণ্ডও দিয়েছিলেন সুরাত আদালতের বিচারক। ওই শাস্তির জন্যই রাহুলের সংসদ সদস্য পদ খারিজ হয়ে যায়। এমনকি রাহুলের আগামী লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়ানো নিয়েও সংশয় তৈরি হয়েছিল। কিন্তু শুক্রবার সুরাত আদালতের দেয়া সেই শাস্তির নির্দেশে স্থগিতাদেশ দেন সুপ্রিমকোর্ট।

এদিকে রাহুলকে দেয়া ওই মামলার শাস্তি এবং বিচার প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করেন দেশের শীর্ষ আদালত। শুক্রবারই রাহুলকে তার সংসদ সদস্য পদ ফিরিয়ে দেয়ার জন্য লোকসভায় আর্জিও পেশ করে কংগ্রেস। এরই পরিপ্রেক্ষিতে ফিরে পান রাহুল সংসদ সদস্য পদ।

লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীও বলেন, শুক্রবার রাহুলকে সংসদ সদস্য পদ ফিরিয়ে দেয়ার আবেদন জানাই।

পরে সোমবার লোকসভার অধিবেশন বসলে রাহুলের সংসদ সদস্য পদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে লোকসভার স্পিকারের সচিবালয়। এ সিদ্ধান্তের ফলে মঙ্গলবার বিরোধীরা যখন সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবেন, তখন সংসদে উপস্থিত থাকবেন রাহুল।

২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে মোদি পদবি নিয়ে মন্তব্যের জন্য গত ২৩ মার্চ রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন সুরাত আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ২৪ মার্চ রাহুলের সংসদ সদস্য পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

ভারত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *