০৯ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন সব সংস্থাকে নিয়ে একসাথে, ঐক্যবদ্ধভাবে উন্নত ঢাকা গড়ে তুলবো।
সোমবার নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা মহানগর সমন্বতি মহাপরকিল্পনা (২০২০-২০৫০) প্রণয়ন শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় ও কর্মশালায় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, এরই মাঝে বিভিন্ন সংস্থা বিশেষ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, বিটিসিএলসহ অন্যান্য সংস্থা যে সব পরিকল্পনা নিয়েছে, সেগুলোকে সমন্বয় করে আমরা এগিয়ে যেতে চাই।
একটি উন্নত দেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন পূরণে সবাই সমন্বিতভাবে এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য, ৩০ বছর মেয়াদী একটা রূপরেখা প্রণয়ন করা। যে সব মহাপরিকল্পনা এরই মাঝে গ্রহণ করা হয়েছে, সেগুলোকে সমন্বয় করে এবং সেই রূপরেখার আওতায় আমরা পথ চলব। একসাথে, ঐক্যবদ্ধ হয়ে। এই সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নে কারও সাথে কোন সংঘর্ষ নেই উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘সবার সাথে সমন্বয় করে আমরা এগিয়ে যাবো। আমাদের সবারই অভীষ্ট লক্ষ্য একটি। সেটি হলো- জনকল্যাণমূলক কাজ করা। জনগণকে সেবা দেয়া এবং ঢাকাকে একটি বাসযোগ্য আধুনিক নগরীতে রূপান্তর করা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার যে রূপকল্প দিয়েছেন। তার আলোকে উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তুলতেই এই সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
মেয়র বলেন, একটি আধুনিক শহরের অনেকগুলো উপাদান আছে। সেগুলো হয়তো আজকে উপস্থাপন করা হয়নি কিংবা আলোচনায় আসেনি। কিন্তু তারপরও সে সব উপাদান সমন্বিত মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে সুচারুভাবে আলাপ করব।
ঢাদসিক প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রকিবুর রহমান, বিটিসিএল মহাপরিচালক ডক্টর রফিকুল মতিয়াসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র শেখ ফজলে নূর তাপস/এসকেএম















