‘সাংবাদিক দেখার টাইম নাই’ বললেন ছাত্রলীগ কর্মীরা

নিউজ ডেস্ক: রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে মারধর করেছে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি বেলায়েত হোসেন সাগর গ্রুপের সদস্যরা। এ সময় তারা বলেন, ‘সাংবাদিক দেখার টাইম নাই’। সাংবাদিক শীতাংশু ভৌমিক অংকুর ও পার্থ সাহার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিক সমিতি।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে কলেজ অধ্যক্ষ’র কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, ক্যাম্পাস গেটে গোলযোগ দেখে এগিয়ে যায় ঢাকা ওয়েভ-এর প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক শীতাংশু ভৌমিক অংকুর এবং দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি ও সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য পার্থ সাহা। এসময় ছাত্রলীগের কর্মীরা এক শিক্ষার্থীকে মারধর করছিল। মারধরের ছবি তোলায় ওই সাংবাদিকের ফোন কেড়ে নেয় এবং সাংবাদিককে মারধর শুরু করে ছাত্রলীগের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্রলীগের সভাপতির অনুসারী মেহেদী হাসান পলাশ, শেখ সুমন, ফাহিম তাজ, তানজিদ আহমেদ বাবু, রাতুল হাসান, তামিম মোল্লাসহ প্রায় ১০-১৫ জন দুই সাংবাদিককে মারধর করেন। শীতাংশু ভৌমিক চিৎকার করে নিজেকে সাংবাদিক পরিচয় দেন। কিন্তু ছাত্রলীগের কর্মীরা ‘সাংবাদিক দেখার টাইম নাই’ বলে মারের পরিমাণ আরও বাড়িয়ে দেন।

শীতাংশু ভৌমিক অংকুর ও পার্থ সাহা জানান, ক্যাম্পাস গেটে জটলা দেখে তারা এগিয়ে যান। সেখানে কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছিল ছাত্রলীগের কর্মীরা। ছবি তুলতে গেলে তারা (ছাত্রলীগের কর্মীরা) ফোন কেড়ে নেয়। সাংবাদিক পরিচয় দেয়ার সাথে সাথেই কলেজের মূল ফটকের সামনের রাস্তায় ফেলে লাথি মারতে থাকে। এরপর কলেজ মসজিদের সামনে নিয়ে দ্বিতীয় দফায় আবার মারধর করা হয়।

এ বিষয়ে কলেজ সাংবাদিক সমিতির সভাপতি যায়েদ হোসেন মিশু ও সাধারণ সম্পাদক আতিক হাসান শুভ বলেন, গত কয়েক দিন ধরেই কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটছে। যার একটিরও কোনো তদন্ত বা কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেয়া স্বাধীন গণমাধ্যমের হুমকি।

ন্যাশনাল মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদ জানান, আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর। তাকে অক্সিজেন দেয়া হয়েছে।

মারধরের বিষয়ে কবি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, আমি ঘটনাটা শুনিনি। আর এ বিষয়ে কোন অভিযোগ ও পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর বলেন, সাংবাদিককে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

লাঞ্চিত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *