সাতদিনে এককোটি মানুষকে টিকা দেয়া হবে

১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৭ থেকে ১৪ আগস্ট… সাতদিনে উৎসবমূখর পরিবেশে দেশের অন্তত এককোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। তিনি বলেন, দেশের ইউনিয়ন বা ওয়ার্ড থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সবখানে এই টিকা উৎসব চলবে। এই ভ্যাকসিন প্রদানে বয়স্ক মানুষকে অগ্রাধিকার দিয়ে তারপর অন্যান্য ব্যক্তিদের ভ্যাকসিন দেয়া হবে।

রবিবার সকালে মহাখালীর বিসিপিএস মিলনায়তনে ২০২০-২১ সালের প্রথম বর্ষ এমবিবিএস ক্লাস শুরুর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যখাত নিয়ে বিভিন্ন সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সৃষ্টির আগে এর চিকিৎসা বিষয়ে কারও কিছু জানা ছিল না। আমরা অতিদ্রুত শিক্ষা নিয়েছি। করোনা শনাক্তে মাত্র একটি ল্যাব থেকে প্রায় সাড়ে ছয়শ’ ল্যাব করা হয়েছে।

তিনি বলেন, হাসপাতালগুলিতে ১৭-১৮ হাজার শয্যা করা হয়েছে। আইসিইউ, এইচডিইউ সংখ্যা বাড়ানোসহ সারাদেশে ব্যাপকহারে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের স্বাস্থ্যখাত ভালো সেবা দিয়েছে বলেই দেশের অর্থনীতি এখনও বিশ্বের অনেক দেশের অর্থনীতির চেয়ে এগিয়ে রয়েছে।

আরও পড়ুন: করোনা টিকাদানের বয়সসীমা ২৫ বছর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ইউসুফ ফকিরের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বক্তব্য রাখেন।

করোনা টিকা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ