সেতুধসে মৃত্যু ১২০ জনের, চলছে উদ্ধার তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক, ভারত: ব্রিটিশ শাসনামলের একটি ঝুলন্ত সেতু ভেঙে কমপক্ষে ১২০ জনের প্রাণহানি হয়েছে। অনেক লোক সেতুটির নিচ দিয়ে বয়ে যাওয়া নদীতে ডুবে গেছে। ভারতের পশ্চিমাঞ্চলের মৌর্বির মাচ্চু নদীর ওপর নির্মিত এই ঝুলন্ত সেতুটি প্রায় দেড়শো বছরের পুরনো।

সোমবার গুজরাট পুলিশ এ কথা জানিয়েছে। খবর: এএফপি।

কর্তৃপক্ষ জানায়, রোববার ধর্মীয় উৎসব পালন করতে নারী ও শিশুসহ অন্তত ৫শ’ জন সেতু ও এর আশেপাশে জড়ো হয়েছিল। সন্ধ্যা পরপরই এ ঝুলন্ত সেতুর একটি তার ছিঁড়ে যাওয়ায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্বল অবকাঠামোর এই সেতু নদীতে ধসে পড়ায় কয়েকশ’ মানুষ পানিতে পড়ে যায় এবং আর অনেকে মরিয়া হয়ে ধ্বংসস্তুপ আঁকড়ে ধরে।

মৌর্বি পুলিশ প্রধান পি. দেকাভাদিয়া ঘটনাস্থল থেকে টেলিফোনে এএফপি’কে বলেন, এ দুর্ঘটনায় আমরা এখন পর্যন্ত ১২০টি লাশ উদ্ধার করেছি। সেখানে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। তিনি জানান, ১৩০ জনেরও বেশি মানুষকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।

গুজরাটের প্রধান নগরী আহমেদাবাদের প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে মাচ্চু নদীর উপর নির্মিত এ সেতু কয়েকমাস ধরে সংস্কার করার পর মাত্র কয়েকদিন আগে ফের খুলে দেয়া হয়েছিল।

সেতুধস/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *