হাঙরের আক্রমণে দুই নারীর মৃত্যু

৪ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): মিশরে লোহিত সাগরে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে দুই নারী প্রাণ হারিয়েছেন।

মিশরের উপকূলীয় শহর হুরগাদার দক্ষিণে সাহল হাশেস এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। খবর: আরব নিউজ।

দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানায়, এদের মধ্যে একজন অস্ট্রিয়ার ৬৮ বছর বয়সি নারী এবং অন্যজন রোমানিয়ার মধ্য বয়সি এক নারী। লোহিত সাগরে সাঁতরানোর সময় তারা দুইজন হাঙরের আক্রমণের শিকার হন।

খবরে বলা হয়, স্বামীর সাথে ছুটি কাটাতে মিশরে গিয়ে অস্ট্রিয়ার ওই নারী প্রাণ হারিয়েছেন। তিনি অস্ট্রিয়ার টিরল অঞ্চলের বাসিন্দা।

এদিকে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিশরের সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে তাদের একজন নাগরিকের মৃত্যুর কথা জানতে পেরেছেন তারা। মিশরের হুরগাদায় রোমানিয়ার ওই নারীর মৃত্যু হয়েছে।

লোহিত সাগর জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্র। কিন্তু কর্তৃপক্ষের বেঁধে দেয়া সীমানার বাইরে নামলে হাঙরের আক্রমণ হয়।

এর আগে, ২০১৮ সালে লোহিত সাগরের সৈকতে একটি হাঙরের আক্রমণে চেক প্রজাতন্ত্রের একজন পর্যটক প্রাণ হারান। ২০১৫ সালেও হাঙরের আক্রমণে প্রাণ যায় এক জার্মান পর্যটকের।

মিসর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ