হাটেই চলবে পশু কেনাবেচা, মানতে হবে স্বাস্থ্যবিধি

১২ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর পশুর হাটে ১৭ জুলাই থেকে পশু কেনাবেচা শুরু হবে। এসব পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে ২১ জুলাই ঈদের দিন পর্যন্ত কেনাবেচা চলবে। এবার ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের গাবতলী স্থায়ী পশুর হাটসহ ৮টি এবং দক্ষিণ সিটি এলাকায় ১০টিসহ ঢাকায় মোট ১৮টি অস্থায়ী পশুর হাট বসছে। এর বাইরে উত্তর সিটি এলাকায় গাবতলীর স্থায়ী পশুর হাট এবং দক্ষিণ সিটি এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কুরবানির পশু বেচাকেনা চলবে।

এদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে করোনা সংক্রমণ রোধে সরকার সারা দেশে কুরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। খামারি ও ক্রেতা সাধারণকে কুরবানির পশু অনলাইনে কোনা-বেচার অনুরোধ করা হয়েছে। এছাড়া উত্তর সিটি এবারও ডিজিটাল পশুর হাট চালু রেখেছে। নগরীর বিভিন্ন এলাকায় হাট বসানো হলেও অনলাইন হাটকেই বেশি প্রাধান্য দেয়া হচ্ছে।

মেয়র আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট পরিচালনার জন্য ইজারাদারদের বলা হয়েছে। আমরাও ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। পশুর হাটগুলো মনিটরিং করার জন্য ইতোমধ্যে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমানকে আহ্বায়ক করে ১৪ সদস্যের মনিটরিং কমিটি করা হয়েছে।

আরও পড়ুন: http://বগুড়ায় ‘গরুর হাট’ ফেসবুক পেইজ

তিনি বলেন, প্রতিটি হাটেই এক’শ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, দুইশ’ গেঞ্জি এবং পর্যাপ্ত সংখ্যক মাস্ক দেয়া হবে। ইজারাদাররা হাটে হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। প্রত্যেকটি হাটে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা এবং তাপমাত্রা পরিমাপক যন্ত্রের ব্যবস্থা করা হবে।

মেয়র আতিক বলেন, হাটে সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রাখতে হবে। ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানান, হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে না পারলে ইজারাদারদের ইজারা বাতিল করা হবে।

গরুর হাট/এএমএম/কিউটি

http://www.artnewsbd.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *