অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: নরসিংদী সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাচালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার সকালে উপজেলার শীলমান্দি ইউনিয়নের মদনপুর সড়কে এ ঘটনা ঘটে। স্বজনের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই শরীফ তাকে কুপিয়ে হত্যা করেছেন।

নিহত অটোরিকশাচালকের নাম মোহাম্মদ কাউসার মিয়া। তিনি সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের তুলসীপুর এলাকার ইমান আলীর ছেলে।

স্বজন, পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকাল ৮টার দিকে নাশতা শেষে অটোরিকশা নিয়ে বের হন কাউসার। মদনপুর সড়কের ৬ নম্বর ব্রিজের সামনে পৌঁছুলে কয়েকজন পথরোধ করে তার বুকে ও হাতের নিচে কোপান। তারা অটোরিকশাটি সেখানে রেখেই পালিয়ে যান। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহত তরুণের লাশ উদ্ধার করেন। এরই মধ্যে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাউসার মিয়ার লাশ শনাক্ত করেন। সুরতহাল প্রতিবেদন তৈরি করে তার লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত কাউসারের বড় বোন শাকিলা আক্তার বলেন, আমাদের জমিজমার দখল নিতে চাচাতো ভাই শরীফই কুপিয়ে কাউসারকে হত্যা করেছে। তিন বছর ধরে তাদের মধ্যে বিরোধ তীব্র হয়ে উঠেছে। বেশ কয়েকবার কাউসারকে হত্যার হুমকিও দিয়েছিল শরীফ। সে গতকাল রাত থেকেই বাড়িতে ছিল না। হত্যাকাণ্ডের পর থেকে পরিবার নিয়ে শরীফ এলাকাছাড়া। তার মোবাইল নম্বরও বন্ধ। আমি তার বিরুদ্ধে মামলা করার জন্য থানায় এসেছি।

ঘটনার পর থেকে অভিযুক্ত শরীফ পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। পুলিশি তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। যেহেতু অটোরিকশাটি ছিনতাই হয়নি, তাই ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কুপিয়ে হত্যা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *