‘অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই’

নিউজ ডেস্ক

শিক্ষক বা অন্য পেশায় কর্মরত কারও সাংবাদিকতা করার সুযোগ নেই। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। অন্য পেশার সাথে যুক্ত থেকে একই সময়ে সাংবাদিকতা করা পেশাগত শৃঙ্খলা ও নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি মন্তব্য বরেন, শিক্ষকরা সরকারের বেতনভূক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই।

বুধবার ২১ অক্টোবর সকালে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপ্রধান ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন। বক্তব্য রাখেন প্রেস কাউন্সিল সচিব আব্দুস সবুর ও তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সাংবাদিকতার পরিচয় শুধু একটি পদবী বা পরিচয়পত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সত্যতা নিশ্চিত করতে হয়। তাদের নিরপেক্ষতা বজায় রেখে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরার মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। তাই সাংবাদিকতায় যুক্ত ব্যক্তিদের পেশাগত আচরণবিধি ও নীতিমালা মেনে চলা জরুরী।

তিনি বলেন, বর্তমানে বিভিন্ন পেশার সাথে জড়িত অনেকেই সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষকতা, ব্যবসা বা অন্য পেশায় যুক্ত থেকে সাংবাদিকের পরিচয় ব্যবহার করছেন। এ ধরনের দ্বৈত পেশা সাংবাদিকতার পেশাগত স্বচ্ছতা ও প্রগণযোগ্যতার প্রশ্ন তৈরি করতে পারে।

প্রেস কাউন্সিল সচিব আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা আদায়, প্রভাব বিস্তার বা অন্য কোনো স্বার্থ হাসিল করতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। পেশাদার সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিক, প্রণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

সাংবাদিকতা/এএমটি/টিটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD