২৪ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, অস্ট্রেলিয়া): করোনার সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়া সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ তুলে নেয়ার দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। দেশটির সিডনি শহরে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। মেলবোর্ন ও ব্রিসবেন শহরেও হয়েছে বিক্ষোভ। এ সময় ৫৭ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দেশটির সিডনি শহরের দিকে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে করতে যান সেখানের হাজার হাজার বাসিন্দা। এসময় তাদের লকডাউনের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গেছে। খবর: বিবিসি।
একপর্যায়ে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে সিডনি টাউন হলের বাইরে অবস্থান নেন। এ সময় অনেকেই ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীদের দিকে বোতল ছুড়ে মারেন।
এদিকে বিক্ষোভকারীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার আছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। তবে করোনা রোধে সামাজিক দূরত্বের বিধিনিষেধ অমান্য করায় অনেককে আটক করা হয়েছে বলে জানায় তারা।
অস্ট্রেলিয়ায় করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ায় বেড়ে যায় সংক্রমণের হার। এর জের ধরে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। দেশটিতে লকডাউনের আওতায় রয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ। করোনার সবচেয়ে ভয়াবহ রূপ দেখছে সিডনি শহর। টানা চার সপ্তাহ লকডাউনে ঘরবন্দী হয়ে আছেন শহরটির বাসিন্দারা। এরপরও সেখানে বেড়েই চলেছে সংক্রমণ।
অস্ট্রেলিয়া/এসকেএম















