১২ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সরকারের আমলে কোনদিন দুর্ভিক্ষে বা না খেয়ে কেউ মারা যাবে না। এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে ‘করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিল মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ।
প্রধান অতিথীর বক্তব্যের শুরুতে কৃষিমন্ত্রী ১৫ আগস্টে শহিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর পরিবারের শহিদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মন্ত্রী বলেন, বিএনপির সময় দেশে খাদ্যসংকট লেগেই থাকত। প্রতিবছর আশ্বিন-কার্তিক মাস আসলেই উত্তরবঙ্গে মঙ্গা দেখা দিত। দুর্ভিক্ষ হতো, মানুষ খেতে পেতো না। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সাল থেকে বিগত ১৩ বছরে মানুষ না খেয়ে আছে তার একটি নজিরও নেই।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যেটি ক্ষমতায় থাকুক বা না থাকুক, সবসময় মানুষের পাঁশে থাকে। এ সরকারের আমলে খাদ্য নিরাপত্তায় অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। বাংলাদেশে আর কোনদিন দুর্ভিক্ষে কেউ মারা যাবে না।
অনুষ্ঠানে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সহসভাপতি সাদেক খান এমপি, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ সভাপতি এম এ সাত্তার ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়াচানসহ অন্যরা বক্তব্য রাখেন।
মোহাম্মদ আব্দুর রাজ্জাক/এসকেএম















