আমাদের কাছে দেশের চেয়ে দল প্রিয়, দলের চেয়ে নেতা!!!

মাহবুব জামান

মাহবুব জামান: জার্মানির বন শহর থেকে চৌকষ উপস্থাপক খালেদ মুহিউদ্দিনও সেদিন বললেন ‘যুদ্ধাপরাধীদের বিচারে নির্বাচনী লাভ হয়েছে আওয়ামী লীগের’।

এটাই আমাদের দুঃখ। সব কিছু আমরা চিন্তা করি দল আর নির্বাচন নিয়ে। দেশ আমাদের কাছে গৌণ। আমাদের কাছে দেশের চেয়ে দল প্রিয়, দলের চেয়ে নেতা।

যুদ্ধের ৪২বছর পর যুদ্ধাপরাধীদের বিচার করে আমাদের জাতি যে কি মর্যাদা অর্জন করলো, সেটা ভুলে যাই। বঙ্গবন্ধু হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ বিশ্বময় আমাদের সমগ্র জাতিকে অসভ্য, বর্বর হিসাবে পরিচিত করে তুলেছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার আমাদের সমগ্র জাতিকে কলংকমুক্ত করেছে।

তলাবিহীন ঝুড়ি, বন্যা-দুর্ভিক্ষের দেশ, ক্যু-পাল্টা ক্যু, সামরিক শাসনের দেশ, জঙ্গি অধ্যুষিত, দূর্নীতিতে প্রথম, অকার্যকর রাষ্ট্র, রাতের ভোট, সাম্প্রদায়িক সহিংসতা, মানব ও অর্থ পাচারের দেশ ইত্যাদি অনেক তকমাইতো আমাদের গায়ে লাগলো।

আবার এটাও তো ঠিক যে ইদানীং উন্নত, উন্নয়নশীল, অনুন্নত সব দেশ এবং সংস্থাওসমূহ আমাদের নিয়ে পজিটিভ আলোচনা করছে। দেশের গুটিকয় অর্থনীতিবিদ ও সংস্থা ছাড়া দুনিয়ার তাবৎ অর্থনীতিবিদ বলছে- বাংলাদেশ আগাচ্ছে। কেউ বলছে রাইজিং স্টার, কেউ বলছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। সবই কি মিথ্যা?

আবার সবই কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি করেছে? হ্যাঁ, তারাই বিভিন্ন সময় ক্ষমতায় ছিল। তাদের নীতির প্রভাব পড়েছে, সে কথা ঠিক।

সব কিছু করেছে এ দেশের মানুষ-কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, চাকরি জীবি, ব্যবসায়ী, উদ্যোক্তা, নারী-পুরুষ, যুবক-যুবতী, তরুন-তরুনী সবাই।

কেউ অস্বীকার করবেন না যে দেশটা সম্পূর্ণ পাল্টে গেছে। আরও অনেক আগাবে দেশ। আমাদের তারুন্যই আমাদের এগিয়ে নিয়ে যাবে। মুক্তিযুদ্ধ যেমন জনযুদ্ধ ছিল, এটাও একটা জনযুদ্ধ। তবে এ যুদ্ধ জয়ের জন্য দরকার হবে আরও সুশাসন, শৃঙ্খলা, কঠোরতা, নির্লজ্জ দলীয় তোষণ বন্ধ করা, অর্থ পাচার, অর্থনৈতিক সম্বৃদ্ধির জন্য প্রশাসনিক শৃঙ্খলা ইত্যাদি। শিক্ষা, সংস্কৃতি ও মুল্যবোধের যে ব্যাপক স্খলন হয়েছে, তা উদ্ধার করতে লাগবে এক জাতীয় পুনর্জাগরণ। সে আলোচনা আপাতত থাক। তাতে আবার দলাদলি শুরু হয়ে যাবে।

সবাই একমত না হলেও বলবো-নির্বাচণী স্বচ্ছতা না থাকলেও পরপর তিন দফা আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় রাজনীতির একটি বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়েছে। ‘মিশন’, ‘ভিশন’- এই শব্দগুলো আগে ছিল কর্পোরেট আর এন জি ও জগতের। এখন কিন্তু আমরা ভিশন ২০২১, ভিশন ২০৪১ এমনকি আগামি শতকের ভিশনও দেখি।

দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে অনেক কিছুই হয়েছে। এতে শুধু আওয়ামী লীগের ভোটের রাজনীতির সুবিধা হয়েছে তা নয়। মানুষ উপকৃত হয়েছে, হবে।

পদ্মা সেতু, মেট্রো রেইল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কর্ণফুলি টানেল, মাতারবাড়ি পাওয়ার স্টেশন, প্রথম অগভীর সমুদ্র বন্দর, এয়ারপোর্ট থার্ড টার্মিনাল, বরিশাল রেল দেখছে, কক্সবাজার রেল দেখছে, নিউক্লিয়ার জগতে আমরা, আমাদের স্যাটেলাইট মহাকাশে- এর অনেক কিছুই কিন্তু হোত না আগের ‘দিন আনি দিন খাই” রাজনীতির নিয়মে। আসলে বিগত ১৫ বছরে রাজনীতির এজেন্ডা পাল্টে গেছে। আমি বিশ্বাস করি প্রতিটি নাগরিকই আসলে রাজনীতির সাথে যুক্ত। রাজনৈতিক দলে হয়ত নাই। তার জীবন রাজনীতির সাথে যুক্ত।

রাজনীতি আমাদের হাসায়-কাদায়, উৎসাহ দেয়-নিরুৎসাহিত করে, আনন্দ দেয়, দুঃখ দেয়। তাই অর্জনগুলোকে শুধু দলের চোখে না দেখে দেশের চোখে দেখলে অন্য রকম লাগবে, গর্ব লাগবে।

আরও পড়ুন: স্মৃতিতে অম্লান মান্না দে

আমরা গর্বিত পোশাক শিল্পে আমরা দ্বিতীয়, মাছ উৎপাদনে তৃতীয়, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, নারী শিক্ষা বেড়েছে, গড় আয়ু বেড়েছে, শিশু মৃত্যু কমেছে, সার্বজনীন পেনশন ইত্যাদি বিরাট তালিকা।

এর সব কিছুর বেনেফিসিয়ারীই কি একটি দল? তা কিন্তু নয়। এর সুবিধাভোগী সবাই। বরং এই দল যতটা বেনেফিসিয়ারী তার চেয়ে খুইয়েছে অনেক বেশি। সেটা পূরণ করতে হলে অনেক যুদ্ধ করতে হবে।

তাই, খালেদ মুহিউদ্দিন এবং টক শোর জাঁদরেল বক্তারা অনুগ্রহ করে শুধু ভূ-রাজনীতি, দল আর নেতাদের না দেখে মানুষকেও একটু দেখেন। মানুষের জীবনটাও দেখেন। দলের চোখে না দেখে দেশের চোখে দেখলে দেশ অনেক উপকৃত হবে।

জয় বাংলা!!!

লেখক পরিচিতি: মাহবুব জামান, স্বাধীন বাংলাদেশে ডাকসুর প্রথম সাধারণ সম্পাদক

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *