আমাদের পাঠাগারের দশকপূর্তি

০২ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): সমাজ, সংস্কৃতি, সভ্যতার ধারাবাহিকতায় ‘শিক্ষা, সৃজনশীলতা, মানবতা’ এই তিন বিশ্বাসকে ধারণ করে গড়ে উঠেছিল ‘আমাদের পাঠাগার’। এ বছর উদযাপিত হলো পাঠাগারের ১০ বর্ষপূর্তি।

করোনা পরিস্থিতির কারণে গৌরবময় দিনটি উদযাপিত হয়েছে স্বাস্থ্যবিধি মেনে।

গেল শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের সিকিরচর গ্রামে ‘আমাদের পাঠাগার’র প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিষ্ঠাতা হুমায়ূন কবীর ঢালীর ৫৭ তম জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে বিনামূল্যে বই বিতরন করা হয়।

দিনব্যাপি কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সৃজনশীল ও মননশীল বই বিতরণ, ছড়া-কবিতা পাঠ, সেরা পাঠককে পুরস্কার প্রদান করেন শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহিনা আক্তার।

প্রতিষ্ঠানের সভাপতি নূরুজ্জামান মিয়াজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, নাউরি স্কুলের শিক্ষিকা ও নারীনেত্রী তসলিমা আক্তার আঁখি, সমাজকর্মী শফিকুল ইসলাম ও হাফিজুর রহমান কবির।

বক্তারা হুমায়ূন কবীর ঢালীকে ৫৭ তম জন্মদিনে শুভেচ্ছা জানান। তারা পাঠাগার সম্পর্কে বলেন, পাঠাগারের নাম-ই সকলের অংশিদারিত্বের জায়গা তৈরী করেছে। শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের সব জ্ঞান জমা রয়েছে বইয়ের ভেতরে। অন্তহীন জ্ঞানের উৎস হলো বই, আর সেই বইয়ের আবাসস্থল পাঠাগার। পাঠাগার একটি জাতির বিকাশ ও উন্নতির মানদণ্ড। পাঠাগার মানুষের বয়স, রুচি ও চাহিদা অনুযায়ী বই সরবরাহ করে বলে তারা মন্তব্য করেন।

বক্তারা বলেন, পাঠ্য বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। অন্যান্য বই পড়ে জ্ঞানের পরিধি বাড়াতে হবে।

বই কিনে পড়া অনেক সময় সম্ভব হয় না উল্লেখ করে তারা বলেন, পাঠাগার মানুষের আর্থিক সীমাবদ্ধতা দূর করে ভালো বই পড়ার সুযোগ করে দেয়।

বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ূন কবীর ঢালী জানান, গত দশ বছর ধরে প্রতি বছর সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বছর করোনা পরিস্থিতির কারণে তা করা সম্ভব হয়নি।

তিনি জানান, বিভিন্ন সময়ে তাদের আমন্ত্রণে পাঠাগারে গিয়েছেন ডক্টর সফিউদ্দিন আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, বিপ্রদাশ বড়ুয়া, কবি মোহাম্মদ নূরুল হুদা, নাট্যজন খায়রুল আলম সবুজ, কথাসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা ইসহাক খান, আলী ইমাম, কবি আসলাম সানী, শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ, ছড়াকার আলম তালুকদার, কবি নাসের মাহমুদ, শিশুসাহিত্যিক সোহেল মল্লিক, শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ, শিশুসাহিত্যিক আশরাফুল আলম পিন্টু, লেখক-চিত্রকর ধ্রুব এষ, প্রকাশক ও রাজনীতিক আলমগীর শিকদার লোটনসহ অনেকেই।

সংগঠন/এসকেএম/আরএম