০১ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। জরুরী কারণ ছাড়া বের হওয়া যাবে না এমন নির্দেশনা ছিল আগেই। এমন পরিস্থিতিতে রাজধানীতে বিধিনিষেধ না মেনে রাস্তায় বের হওয়ায় দেড় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, হাতিরঝিল এলাকা থেকে যৌক্তিক কারণ দেখাতে না পারায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, তেজগাঁও থানায় ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ১৮ জন, শেরেবাংলা নগর থানায় ৪৩ জন ও হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাদের আটক করা হয়েছে।
লকডাউন/এসকেএম














