২৩ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরে সুপারি গাছের সাথে পেছন দিক থেকে দুই হাত বাঁধা অবস্থায় মিলন হোসেন নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলায় দড়ি পেঁচানো ছিল।
শনিবার দুপুরে পুলিশ সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী জাহানারা বেগম, ছেলে মোহাম্মদ স্বপন, পূত্রবধূ নাজমা বেগম ও মেয়ে নিপুকে থানায় নিয়েছে। নিহত ৬০ বছর বয়সী মিলন দক্ষিণ খাগুড়িয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা বাড়ির পেছনেই গাছের সাথে বেঁধে গলায় দড়ি পেঁচিয়ে মিলনকে হত্যা করেছে। পরে লাশ বাঁধা অবস্থায় রেখেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। সকালে বাড়ির লোকজন মিলনের লাশ দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে মিলনকে হত্যা করা হয়েছে। ঘরের পাশেই ঘটনাটি ঘটেছে। এজন্য পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মরদেহ উদ্ধার/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply