ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

২৭ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, লক্ষীপুর): লক্ষ্মীপুরে মোবাইল ফোনে প্রবাসী স্বামীর সাথে বাকবিতণ্ডার পর ছেলে আয়ান রহমানকে গলা কেটে হত্যার পর ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন গৃহবধূ সাবিনা ইয়াসমিন।

রোববার রাত ১২টার দিকে সদর উপজেলার লাহারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার রাত ২টার দিকে ওই গৃহবধূকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানও হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, স্বামীর সাথে ঝগড়ার পর ওই নারী ছেলেকে হত্যা করে। এবং নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্বজনেরা জানান, সাবিনার স্বামী আজগর রহমান সৌদি আরব প্রবাসী। সাবিনা তার সন্তানসহ শ্বশুর–শাশুড়ির সাথে লাহারকান্দি গ্রামের বাড়িতে ভাড়া থাকতেন। সম্প্রতি তাদের সংসারে আর্থিক সংকট দেখা দেয়। গতকাল সন্ধ্যায় মুঠোফোনে সাবিনা ও তার স্বামীর ঝগড়া হয়। পরে ছেলে আয়ানকে নিজের ঘরে নিয়ে সাবিনা দরজা বন্ধ করে দেন।

কিছুক্ষণ পর ওই কক্ষ থেকে শব্দ শুনে পরিবারের সদস্যরা এগিয়ে যান। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সাবিনা আত্মহত্যার চেষ্টা করছেন। এ সময় খাটের ওপর রক্তাক্ত অবস্থায় আয়ানের লাশ পড়ে ছিল। খাটের পাশে রক্তমাখা বটিও পাওয়া গেছে।

সাবিনার শ্বশুর হুমায়ুন কবির জানান, সন্ধ্যায় সাবিনা ও আজগরের বাগ্‌বিতণ্ডা হয়। ঝগড়ার কারণে সাবিনা অনেক রেগে ছিলেন। পরিবারের সবাই সাবিনাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন। কিন্তু পুত্রবধূ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

ওসি জসীম উদ্দিন বলেন, সাবিনা সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় মানসিক ভারসাম্য হারিয়ে তিনি সন্তানকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হত্যা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *