২২ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকায় রেলসেতুর নিচের গড়াই নদ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। বেলা তিনটা পর্যন্ত ওই নারীর পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পোড়াদহ রেলওয়ে থানার পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটি সকালে রেলসেতু পার হওয়ার সময় ওই নারী এতে কাটা পড়েন। এ সময় তার লাশ সেতুর নিচে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, সকালে তিনি রেলসেতু এলাকায় গড়াই নদের পাড়ে দাঁড়িয়েছিলেন। এ সময় সেতু থেকে একজনের নিচে পড়ে যাওয়ার খবর পান। সেখানে গিয়ে দেখতে পান ওই নারীর শরীর থেকে এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তিনি নিথর অবস্থায় পড়ে আছেন। এরপর তিনি পুলিশে খবর দেন।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী রেললাইনের ওপর বসে ছিলেন। ট্রেনে কাটা পড়ে তিনি নিচে নদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেল দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply