১৫ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): করোনা টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারির পর থেকে এ কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশীদ আলম।
ভিডিও বার্তায় তিনি বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ হবে। ওইদিন সারাদেশে এক কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা দেয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে।
অধ্যাপক খুরশীদ আলম বলেন, এরপর আর টিকার প্রথম ডোজ দেয়া হবে না। এরপর স্বাস্থ্য অধিদফতর দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবে।
তিনি বলেন, যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা মারা গেছেন তাদের বেশিরভাগই টিকা নেননি। আমরা দেখেছি যারা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন, তাদের মধ্যে মৃত্যুহার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও তাদের মধ্যে কম। এই অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি, সবাই করোনার টিকা নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন, দেশকে সুরক্ষিত রাখুন।
তিনি আরও বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী করোনার ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি। সেখানে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি সর্বোচ্চ সংখ্যক টিকা দেয়ার। এই ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করি, আপনারা সবাই এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিন। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ দেয়ার কাজ সম্পন্ন করা হবে। পরবর্তী সময়ে আমরা বুস্টার ডোজ এবং দ্বিতীয় ডোজ দেয়া নিয়ে ব্যস্ত থাকবো। কাজেই আর বিলম্ব না করে আপনারা সবাই টিকা নিয়ে নিন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সোমবার পর্যন্ত সারাদেশে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন ১০ কোটি নয় লাখ ১১ হাজারের বেশি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশের মত।
তাদের মধ্যে সাত কোটি ১৪ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ দ্বিতীয় ডোজ এবং ২৬ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছেন।
করোনা টিকা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply