ভাষা-কৃষ্টির শত্রু লালনকারীদের প্রতিহত করার শপথ আজ

নিউজ ডেস্ক: আমাদের ভাষা-কৃষ্টি-সংস্কৃতির ওপর আঘাতকারীদেরকে যারা লালন-পালন করে এবং সেই বিরুদ্ধ ভাবধারায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, তাদের প্রতিহত করাই আজ মহান একুশে ফেব্রুয়ারির শপথ। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

মঙ্গলবার সকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। দলের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এ সময় মন্ত্রীর সাথে ছিলেন।

হাছান মাহমুদ বলেন, ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আমাদের পূর্বসূরিরা জীবন দিয়ে ভাষার দাবি প্রতিষ্ঠা করেছেন। আমাদের স্বাধীনতা সংগ্রামের শুরু সেখান থেকে। সেদিন পাকিস্তানি শাসকগোষ্ঠী আমাদের ভাষা-কৃষ্টি-সংস্কৃতির ওপর আঘাত হেনেছিল। দুঃখজনক হলেও সত্য যে, আমাদের ভাষা-কৃষ্টি-সংস্কৃতির ওপর যারা আঘাত হেনেছিল, তাদের ভাবধারা ধারণকারীরা আজ স্বাধীনতার ৫১ বছর পরও বাংলাদেশে রাজনীতি করে।

মন্ত্রী বলেন, আমাদের ভাষা-কৃষ্টিতে যারা পুরোপুরি বিশ্বাস করে না বরং পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী, সেই বিএনপি স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনীতি করে। সে কারণেই স্বাধীনতার পরও আমাদের ভাষা-সংস্কৃতির ওপর বারবার যে আঘাত এসেছে, তার প্রধান পৃষ্ঠপোষক ছিল বিএনপি ও তার নেতৃত্ব। এদের প্রতিহত করাই আজকের শপথ।

অমর একুশে/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *