রোববার সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামীকাল রোববার সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ সিদ্ধান্ত নিয়েছে।

বাজুস থেকে জানানো হয়, অতীতের ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও অষ্টমী পূজার দিন রাজধানী ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামীকাল রোববার হবে অষ্টমী পূজা।

বিষয়টি নিয়ে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদযাপনের সুযোগ করে দিতে এবং তাদের উৎসবের প্রতি সম্মান রেখে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষ্যে অষ্টমী পূজার দিন জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এবারও আমরা অষ্টমী পূজার দিন সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে দুর্গাপূজা শুরুর আগে দেশের বাজারে টানা দুই দফা সোনার দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে সবশেষ গত ১৫ অক্টোবর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতিভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৮২ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮১৬ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *