করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৩৫ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৭৮১ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪২৩ জন। এ নিয়ে দেশে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৫৭ হাজার ৫৬৩ জন।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ণাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গতকালের চেয়ে আজ ২৭২ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৬৯৫ জন। এছাড়া গতকালের চেয়ে আজ ২ জন কম মৃত্যুবরণ করেছেন। আগের দিন মারা গিয়েছিল ৩৭ জন।
তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৫৭১ জন।
নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৮৮টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ১৫ হাজার ১০৩টি। গতকালের চেয়ে আজ ১ হাজার ৩১৫টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ৫০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৯৪টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৫১০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ২৭৭টি।
উল্লেখ্য, গত একমাসের হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, যে দিন করোনা রোগী শনাক্ত বেশি হন তার পর দিন নমুনা পরীক্ষা কম হয়। বিষয়টি কাকতাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সর্বোচ্চ শনাক্ত হওয়ার পরের কয়েকদিন নমুনা পরীক্ষা কম হচ্ছে বলে জনমনে প্রশ্ন উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও হচ্ছে।
এদিকে, বিশেষজ্ঞ পরামর্শক কমিটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা নমুনা পরীক্ষা বাড়াতে স্বাস্থ্য অধিদফতরকে তাগিদ দিয়েছে।















