ফের রিমান্ডে হেফাজত নেতা জুনায়েদ

৪ মে ২০২১ (নিউজ ডেস্ক): হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় সংগঠনটির বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবকে আবারও রিমাণ্ডে নেয়া হচ্ছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

আগের দফার রিমান্ড শেষে তাকে আজ ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় এ রিমান্ড। সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া, চলতি বছরের মার্চ মাসে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার আরেক মামলায় তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এ মামলায় তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়াও চলতি বছরের মার্চ মাসে ওই ঘটনাতেই করা আরেক মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে, ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলা ও চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে দশ দিন করে বিশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে পল্টন থানার মামলায় চার দিন ও মতিঝিল থানার মামলায় তিন দিন করে মোট ৭ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।

১৭ এপ্রিল জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়।

রিমান্ড/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *