নির্বাচন কমিশনকে জিএম কাদেরের ধন্যবাদ

১০ জুন ২০২১ (নিউজ ডেস্ক): ১৪ জুলাই প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। এদিনে তিন উপ-নির্বাচনের ভোট গ্রহণ করার সিদ্ধান্ত পরিবর্তন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বৃহস্পতিবার এক চিঠিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, ১৪ জুলাই দিনটি জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ দেশের লাখ লাখ এরশাদপ্রেমীর কাছে অত্যন্ত বেদানাবিধুর ও আবেগঘন দিন। এই দিনে জাতীয় পার্টি এরশাদের সাফল্যময় জীবন নিয়ে আলোচনা, মিলাদ ও খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। তাই তার মৃত্যু বার্ষিকীর দিনে নির্বাচনে অংশ নেয়া জাতীয় পার্টির জন্য দূরুহ হয়ে পড়তো।

তিনি বলেন, নির্বাচন কমিশন ১৪ জুলাইয়ের পরিবর্তে তিন শুণ্য আসনে ২৮ জুলাই ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে এরশাদের প্রতি সম্মান দেখিয়েছে। এতে জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে জাতীয় পার্টি।

উল্লেখ্য, গেলো ২ জুন নির্বাচন কমিশনের এক সভায় ১৪ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-০৫ এবং সিলেট-০৩ শুণ্য আসনের উপ নির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে গেল ৪ জুন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু জিএম কাদের এক বিবৃতিতে ১৪ জুলাই নির্বাচন না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। একই দাবিতে গেল ৮ জুন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এর নেতৃত্বে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের এক প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে স্মারকলিপি দেন। আজ নির্বাচন কমিশনের সভায় ১৪ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই তিন শুণ্য আসনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জিএম কাদের/এসকেএম/আরএম