১৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভীড়। করোনা ভয়কে তুচ্ছ করে সবাই যেতে চান গ্রামের বাড়ি। একটা টিকেটের জন্য হা-পিত্যেশ ভাব। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। বেশি ভীড় মেইল ও কমিউটার ট্রেনের কাউন্টারকে ঘিরে।
রবিবার দুপুর থেকে কমলাপুর স্টেশন ঘুরে এমন চিত্রই দেখা গেছে। তবে আন্তঃনগর ট্রেনের কাউন্টারগুলো বন্ধ ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তঃনগর ট্রেনের সব টিকেটই ছাড়া হয়েছিল অনলাইনে। ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে সব টিকেট।
ঈদের অগ্রিম টিকেট বিক্রির পঞ্চম দিনে রবিবার বিক্রি করা হয় ২২ জুলাইয়ের ফিরতি টিকেট। এই পাঁচদিনে এক লাখ ১০ হাজার ৬৫০টি টিকেট বিক্রি হয়েছে বলে জানা গেছে।
রেল কর্তৃপক্ষ হতাশা প্রকাশ করে জানিয়েছে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অনীহার কথা। রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শওকত জামান মেহেদী জানান, মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কিন্তু টিকেট সংগ্রহ করতে আসা বা যাত্রীরা স্টেশনে ঢুকেই মাস্ক খুলে ফেলছেন।
আরও পড়ুন: রোববার থেকে চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন
তিনি জানান, প্রতি সিটে একজন করে বসার যে বাধ্যবাধকতা রয়েছে তাও অধিকাংশ যাত্রীই মানছেন না। এতো বেশি সংখ্যক যাত্রীকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করারও সুযোগ নেই। কেউ যদি নিজের ভাল না বোঝে, তাহলে রেলওয়ের কর্মকর্তা বা কর্মচারীদের কী করার আছে।
রেলের টিকেট/এএমএম/কিউটি














Leave a Reply