ট্রাকসহ ভেঙে পড়ল সেতু

১৫ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনে খালের ওপর নির্মিত সেতু ভেঙে পড়েছে। এতে বরিশাল থেকে বানারীপাড়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক সেতু দিয়ে পার হওয়ার সময়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, পাথরবোঝাই ট্রাকটি বরিশাল থেকে বানারীপাড়ায় যাচ্ছিল। সকাল সাড়ে ছয়টায় ট্রাকটি সেতুর মাঝবরাবর উঠলে এটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এর পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে কয়েক শ’ যানবাহন ও হাজারো যাত্রী।

জানা যায়, ১৬ বছর আগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মিত হয়। পুরোনও এ সেতুর ওপর দিয়ে প্রায়ই অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচল করে। আজ সকালে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বরিশাল থেকে বানরীপাড়ার দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক বলেন, বরিশাল জেলা ও বাবুগঞ্জ উপজেলার সাথে বানারীপাড়া, পিরোজপুরের স্বরূপকাঠি, নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলার যানবাহনগুলো এই সেতু ব্যবহার করে। সেতুটি ভেঙে পড়ায় এসব এলাকা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে এই পথের যাত্রীরা।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ভেঙে পড়া সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *