বিএনপির ঐক্যের শক্তি হাওয়ায় মিলিয়ে গেছে

২৬ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বিএনপির  ঐক্যের শক্তি হাওয়ায় মিলিয়ে গেছে।

রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে বিএনপি বলছে, সবশক্তি নিয়োগ করে সরকারের পতন ঘটাতে হবে। ২০১৮ সালের আগেও তারা ডান, বাম, অতিবাম সবাইকে নিয়ে ঐক্য করেছিলেন। সেই ঐক্যের শক্তি হাওয়ায় মিলিয়ে গেছে। দেখা গেছে বিএনপি যাদের নিয়ে ঐক্য করেন তাদের মধ্যে প্রচন্ড অনৈক্য।

ডক্টর হাছান মাহমুদ বলেন, এখনও তারা যে ঐক্যের কথা বলছেন, এই ঐক্য আগে যেমন করেছিলেন, হয়তো সেরকমই একটা কাগুজে ঐক্য করলেও করতে পারেন। আগে যেমন সেই শক্তি হাওয়ায় মিলিয়ে গেছে শুধু নয়, দেখা গেছে এই ঐক্যের মধ্যে যারা অংশ গ্রহণ করেছিলেন তাদের মধ্যে প্রচন্ড অনৈক্য। সেইজন্য আবার তাদের মাঝে ‘ঐক্য প্রক্রিয়া’ নামে আবার কিছু কিছু প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, সমগ্র বিশ্ব নেতারা আজ শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ। জাতিসংঘ প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করেছে। আর বিএনপি নেতৃবৃন্দ বলছেন, ভিন্ন কথা। কারণ তারা আওয়ামী লীগের সাফল্য, শেখ হাসিনার সাফল্য দেখেও দেখেননা। চোখ থাকতে অন্ধ, কান থাকতেও বধির। তারা শোনেও শোনেননা, বুঝেও বুঝেননা, দেখেও দেখেননা, বিএনপির অবস্থা হচ্ছে সেরকম।

ডক্টর হাছান  বলেন,  আওয়ামী লীগ হচ্ছে তৃণমূলের সংগঠন। তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। সংগঠন এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারণেই আজকে আমরা পরপর তিনবার রাষ্ট্রক্ষমতায়। আমাদের সংগঠন দেশব্যাপী তৃণমূলে বিস্তৃত। ক্ষমতায় থাকার কারণে কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে অনেকের মধ্যে আলস্য এসেছে। এই আলস্য ঝেড়ে ফেলতে হবে।

তিনি বলেন, নির্বাচন খুব বেশি দিন বাকি নেই। দুবছরের একটু বেশি সময় পরেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা যদি সাংগঠনিক পুরও শক্তি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে ২০১৮ সালের মতোই ধ্বস নামানো বিজয় ইনশাল্লাহ আমাদের হবে।

তথ্যমন্ত্রী/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *