১০ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): মারা গেছেন বাংদেশের ক্রিকেটের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান মুনির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
বুধবার দুপুরে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তারিকুজ্জামান মুনির। সুস্থ হয়ে কর্মজীবনেও ফিরেছিলেন। কিন্তু আজ দুপুরে সিলেট যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎই তার বুকে ব্যথা অনুভূত হয়। সাথে সাথেই তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। মৃত্যুর সময় স্ত্রী ও ছেলে তার সাথে ছিলেন।
এক সময় দেশের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন। খেলেছেন জাতীয় ক্রিকেট দলেও। ১৯৮৫ সালে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন। ১৯৮৪-৮৫ মৌসুমে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে করেছিলেন ট্রিপল সেঞ্চুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ছিল ৩০৮ রানের সেই ইনিংস। খেলাটি হয়েছিল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। সেটি বাংলাদেশের ক্রিকেটের প্রথম ট্রিপল সেঞ্চুরি।
ইগলেটসের হয়ে ক্লাব ক্রিকেটে খেলা শুরু করেছিলেন ১৯৭৬-৭৭ মৌসুমে। এরপর আবাহনী, মোহামেডান, বিমান ও জিমসিসির হয়ে খেলেছেন ১৯৯০-৯১ মৌসুম পর্যন্ত।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তারিকুজ্জামান মুনির/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply