নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

১০ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। ভোটের এক দিন আগেও মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সাথে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার সকালে চরদৌলতখান ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগামীকাল বৃহস্পতিবার কালকিনির ও ডাসার উপজেলার ১৩টি ইউপিতে নির্বাচন। নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে সকালে ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চান মিয়া শিকদার ও ‘বিদ্রোহী’ প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অর্ধশত ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে উভয় পক্ষের আহত হন অন্তত ২৫ জন।

এ সম্পর্কে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক বলেন, ভোটের আগে এলাকায় আধিপত্য দেখানোর জন্য তাদের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কিছু ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা বেশি খারাপ। বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনাস্থল থেকে পুলিশ ৮ জনকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আসিফ ইয়াজদানী বলেন, হামলার ঘটনায় অন্তত ১০ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বোমা হামলায় তাদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।

ইউপি নির্বাচন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ