আওয়ামী লীগ-বিএনপি অচল মুদ্রার এপিঠ-ওপিঠ

১৩ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের মানুষ সরকার পরিবর্তনের বদলে রাজনীতির পরিবর্তন চায়। তাই সরকার পরিবর্তনের আন্দোলনে দেশের মানুষ অংশ নিচ্ছে না। সাধারণ মানুষ জানে, আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশে দুর্নীতি ও দুঃশাসন আরও বেড়ে যাবে। কারণ, আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি হচ্ছে অচল মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই, আওয়ামী লীগ ও বিএনপিকে আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না সাধারণ মানুষ।

শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, সাধারণ মানুষ জাতীয় পার্টির দিকে এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে। সাধারণ মানুষের বিশ্বাস আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি দেশে অনেক বেশি সুশাসন দিতে পারবে।

আরও পড়ুন: মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না

তিনি বলেন, দেশ পরিচালনায় আওয়ামী লীগ এতটাই ব্যস্ত যে রাজনীতির মাঠে তারা নেই বললেই চলে। আবার বিএনপি ইতোমধ্যেই অনেক দুর্বল হয়ে পড়েছে। কিন্তু রাজনীতির মাঠে জাতীয় পার্টি অনেক সোচ্চার ভাবে সক্রিয় আছে। প্রতিকূল পরিবেশের মধ্যেও জাতীয় পার্টি সংগঠনকে শক্তিশালী করতেই নির্বাচনের মাঠে আছে। আমরা নির্বাচনে জয়ী হতেই শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি। প্রতিটি নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি সাধারণ মানুষের কাছাকাছি থাকছে। জাতীয় পার্টি নিজস্ব স্বকীয়তা নিয়েই রাজনীতিতে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির বাইরে জাতীয় পার্টির রাজনীতি।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ দেশের ৯০ ভাগ মানুষের হৃদয়ের প্রত্যাশা পূরণ করতেই ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে। একই সাথে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করেছিলেন। কিন্তু কেউ যদি রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের অপচেষ্টায় লিপ্ত হয়, আমরা দেশবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবো। রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে আমরা তা প্রতিহত করবোই।

জিএম কাদের/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ