২৫ জানুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ে ঠিকমতো লড়াই করতে পারেনি সিলেট। কুমিল্লার সাথে মাত্র ৯৬ রানে অল আউট হয়ে হারতে হয়েছিল ২ উইকেটে। তবে বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে সিলেট সানরাইজার্স।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে লড়াইয়ে ফিরেছে সিলেট সানরাইজার্স।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের বোলিং তোপে মাত্র ১৮ দশমিক ৪ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহর ঢাকা। জবাবে সিলেট জয়ের বন্দরে পৌঁছায় ১৮ বল হাতে রেখে। উইকেট পতন তিনটি। চার ম্যাচে ঢাকার এটি তৃতীয় হার। দুই ম্যাচে সিলেটের প্রথম জয়।
সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই ছিল সিলেটের। উদ্বোধনী জুটিতে রানের গতি বাড়ান লেন্ডল সিমন্স ও এনামুল হক বিজয়। যদিও বড় জুটি হয়নি। তবে জয়ের সাহসী ভিত্তি গড়ে দেন এই দুই ওপেনার। দলীয় ২১ রানে এই জুটি ভাঙেন দীর্ঘদিন পর বোলিংয়ে ফেরা মাশরাফি। সিমন্সকে রুবেলের ক্যাচ বানান তিনি। ২১ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন ক্যারিবীয় ওপেনার।
এরপর মোহাম্মদ মিঠুনকে সাথে নিয়ে এগুতে থাকেন এনামুল হক। এই জুটি দলকে নিয়ে যান ৫৯ রান পর্যন্ত। ১৫ বলে তিন চারে ১৭ রান করে মুরাদের বলে তামিমের হাতে ক্যাচ দেন মিঠুন। এরপর অবশ্য সিলেটকে আর বেগ পেতে দেয়নি তৃতীয় উইকেট জুটিতে এনামুল হক বিজয় ও কলিন ইনগ্রাম। দুজনে দলকে নিয়ে যান জয়ের খুব কাছাকাছি। জয় এক রান দূরে থেকে বিদায় নেন এনামুল হক বিজয়। ৪৫ বলে চারটি চার ও এক ছক্কায় ৪৫ রান করে তিনি হন মাশরাফির শিকার। জয়ের জন্য বাকি কাজটুকু নির্বিঘ্নে সারেন কলিন ইনগ্রাম ও রবি বোপারা। ১৯ বলে একটি করে চার ও ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন কলিন। ২ বলে এক রান করেন রবি বোপারা।
বল হাতে ঢাকার হয়ে মাশরাফি দুটি ও হাসান মুরাদ নেন এক উইকেট।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply