ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

২৪ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): মেহেরপুরে ট্রাকের ধাক্কায় পিকআপচালক ও এক হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের মৃত হাশেম ব্যাপারীর ছেলে ৪৫ বছর বয়সী পিকআপচালক সাহাদত হোসেন ও একই উপজেলার নাগডেমরা গ্রামের মোজাহার মোল্লার ছেলে পিকআপের হেলপার ৪২ বছর বয়সী ফারুক হোসেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে মালবাহী একটি পিকআপ নিয়ে চালক সাহাদত ও হেলপার ফারুক চুয়াডাঙ্গার দিক থেকে মেহেরপুর শহরে যাচ্ছিলেন। মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর নামক স্থানে পিকআপ গাড়িটি নষ্ট হয়ে যায়। গাড়ি মেরামত করার লক্ষ্যে মিস্ত্রির অপেক্ষায় তারা গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় চুয়াডাঙ্গার দিক থেকে আসা দ্রুতগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। ওই ধাক্কায় সাহাদত ও ফারুক ঘটনাস্থলেই নিহত হন। সেই সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপটিও দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাক জব্দ করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *