২১ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে নতুন শিকারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুহুল আমিন, আবদুর রহমান, মোহাম্মদ হাসান ও নুরুল আমিন। নিহতরা সবাই গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ওসি আলী আরশাদ জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এ ছাড়া উভয় গাড়ির ১২ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম বলেন, পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল মোল্লা পরিবহণের একটি বাস এবং ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এলে মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়।
এ সময়ে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে ৪ জন এবং বরিশাল মেডিকেলে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
তিনি বলেন, বাসচালক বা হেলপার কাউকেই আটক করা যায়নি। তবে বাস ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে রয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply