নারায়ণগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উল্টো পথে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল কাঁচপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ কাঁচপুর সেতু এলাকার অটোরিকশাচালক মোহাম্মদ হানিফ, যাত্রী মামুন মিয়া, নুরুউদ্দিন, জামাল হোসেন ও অজ্ঞাতনামা এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন গণমাধ্যমকে বলেন, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে ছয়জন যাত্রী নিয়ে অটোরিকশাটি উল্টো পথে কাঁচপুর সেতু পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মাইক্রোবাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় ও মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুরুউদ্দিন মিয়া মারা যান। গুরুতর অবস্থায় অটোরিকশার চালকসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, অটোরিকশা ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় মাইক্রোবাস চালককে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সড়ক দুর্ঘটনায় আহত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, গুরুতর আহত অটোরিকশাচালক হানিফ এবং অন্য তিন যাত্রী মামুন, জামাল হোসেন ও অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *