মহাসড়কে বাসের ধাক্কায় চিতা বাঘ নিহত

নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত হয়েছে একটি চিতা বাঘ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, প্রতি বছরই জিন্দাপীর কালু-গাজীর দরগাহে বাঘ আসে। আর প্রতি বছরই জনতার হাতে ধরা পড়ে অথবা মৃত্যবরণ করে বাঘ।

এলাকাবাসীরা আরও জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে বাঘটি বাথুলী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির ঢাকাগামী একটি বাসের ধাক্কায় চিতা বাঘটি মহাসড়কের ওপর পড়ে যায় এবং গুরুতর আহত হয়। তখন মহাসড়কের দুপাশ থেকেই থেমে যায় সব যানবাহন। মানুষজন দ্রুত ওই বাঘটিকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে সেবাযত্ন করে বাঁচানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত বাঘটিকে বাঁচানো যায়নি। বাঘ হিংস্র প্রাণী হলেও তার প্রতি মানুষের মমত্ববোধের এক বিন্দুও কমতি ছিল না। এ সময় বাঘটিও মানুষের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দু’চোখের পানি ফেলছিল। আর এ দৃশ্য দেখে সবার চোখে পানি ছলছল করছিল।

মোহাম্মদ আলাউদ্দিন নামে এক ব্যক্তি বলেন, বাঘটিকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করেছি। আমি ভুলেই গিয়েছিলাম বনের বাঘ। আমি এলাকার মানুষের সহায়তায় ওই বাঘটিকে বাঁচানোর চেষ্টা করি।

বাঘ নিহত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *