চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে চারজনের মৃত্যু

নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় চারজন নিহত হয়েছেন।

সোমবার সকাল ও রোববার দিবাগত রাতে সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বজ্রপাত এ নিহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার প্রসাদপুর হঠাৎপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে শরিফুল ইসলাম, ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের চামামুশরিভুজা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন, একই উপজেলার কৃষক ওমর আলী ও সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জহরুল।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার প্রসাদপুর হটাৎপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে শরিফুল ইসলাম নিজ বাড়িতে বসে মোবাইল ফোন দেখার সময় বজ্রপাতে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের লোকজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের চামামুশরিভুজা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

একই সময়ে সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ওমর আলী নামে এক কৃষক। তিনি ভোলাহাট উপজেলার বাসিন্দা।

এর আগে রোববার মধ্যরাতে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হন একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জহরুল। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী নিয়ে যাওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান ও ভোলাহাট থানার ওসি সেলিম রেজা। তারা জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বজ্রপাত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *