বিএনপি সন্ত্রাস সৃষ্টি করে সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে

নিউজ ডেস্ক: বিএনপি নিজেদের মধ্যে পরিকল্পিতভাবে আত্মকলহ ও সন্ত্রাস সৃষ্টি করে দায়ভার সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। দেশের বিভিন্ন স্থানে বিএনপি কর্তৃক সন্ত্রাস ও সহিংসতার সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদে এই বিবৃতি প্রদান করা হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এই উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাস সৃষ্টির মূল লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভুল করা এবং বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করে তাদের করুণা লাভ করা। এমনকী দেশে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ শাসনব্যবস্থাকে বিনষ্ট করার লক্ষ্যে বিএনপি নিজেদের মধ্যে পরিকল্পিতভাবে আত্মকলহ ও সন্ত্রাস সৃষ্টি করে তার দায়ভার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট কল্পকাহিনীর প্রতিবেদন তৈরি করে বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ধরণা দিচ্ছে। বিএনপি লাগাতারভাবে গণবিচ্ছিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন করে আসছে। তাদের এই তথাকথিত আন্দোলন জনগণ কর্তৃক বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও তারা সন্ত্রাস এবং সহিংসতার পথ বেছে নিয়েছে।

বিএনপির সব প্রকার উস্কানি উপেক্ষা করে আওয়ামী লীগ নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে ধৈর্য্যরে সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নামক অপশক্তির উস্কানি ও ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির ক্যাডারবাহিনী দেশের কোথাও যাতে কোনও প্রকার সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার এবং কোনও সহিংস ঘটনার সূত্রপাত হলে দ্রুততার সাথে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণমুখী রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে তথ্যসন্ত্রাস পরিচালনার করছে। সরকার, আওয়ামী লীগ ও বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে মিথ্যা এবং বানোয়াট তথ্য উপস্থাপন করছে। এ ধরনের কুৎসিত ও রুচিহীন গুজবসন্ত্রাস কেবল রাজনৈতিকভাবে দেউলিয়া ও বিকারগ্রস্ত বিএনপির পক্ষেই সম্ভব।

তিনি বলেন, আওয়ামী লীগ সংবিধানসম্মতভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ। কোনও প্রকার গুজব, সন্ত্রাস ও ষড়যন্ত্র নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে পারবে না। নির্বাচন ভুলের কোনও প্রকার অপচেষ্টা চালালে এবং সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করবে।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *