১২ কেজি এলপিজির দাম আবারও বাড়লো

নিউজ ডেস্ক: দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে নভেম্বরে ১৮ টাকা বাড়ানো হয়েছিল। নতুন এ দর আজ রোববার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।

২৩ টাকা বাড়ানোর পর চলতি ডিসেম্বরের জন্য ১২ কেজির সিলিন্ডারের দর পড়বে ১ হাজার ৪০৪ টাকা। যা নভেম্বরে ছিল ১ হাজার ৩৮১ টাকা।

আজ বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন দরের ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে।

বিশ্ববাজারে এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবনমনের জন্য দেশের বাজারে দাম বেড়েছে বলে জানিয়েছে বিইআরসি। গত মাসে ডলারের গড় দাম ছিল ১১৩ টাকা ৯২ পয়সা। চলতি মাসে ডলারের দাম ১১৬ টাকা ৩৯ পয়সা।

আমদানিকারক কোম্পানির ইনভয়েস মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

এলপিজি/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *