নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আউশ ধানের জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে দুই কৃষক প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার বিকালে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর দক্ষিণ হাওড়ে এ ঘটনা ঘটে।
মৃত কৃষকরা হলেন- মিরাশী ইউনিয়নে ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ৪০ বছর বয়সী আব্দুস সালাম ও রূপসপুরের সতীশ দেবনাথের ছেলে ৪০ বছর বয়সী প্রসু দেবনাথ।
মিরাশী ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব আলী তালুকদার জানান, সালাম ও প্রসু পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওড়ে আউশ ধানের একই জমিতে পাওয়ার টিলারে হাল চাষ করছিলেন। সেখানে বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় সালামকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, বজ্রপাতে দুজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে মারা যাওয়া দুই কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থসহায়তা প্রদান করা হবে বলে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বজ্রপাত/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply