অপারেশন শেষে মোহাম্মদ নাসিম আইসিইউ’তে

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। তাকে ৪৮ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার ভোরে স্ট্রোক করার পর জরুরিভাবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়।

তার ছেলে তানভীর শাকিল জয় জানিয়েছেন, আব্বুর অপারেশন সাকসেসফুলি হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন। আগামী ৪৮ ঘণ্টা আব্বুকে হাসপাতালের আইসিইউ-তে রাখা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে চিকিৎসক এবং আমার সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে। তিনি নিবিড় পর্যবেক্ষণ এ রয়েছেন। প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা টেলিফোনে মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয় এবং অধ্যাপক ডাক্তার রাজিউল হকের সাথে এ কথা বলেছেন।

ব্যারিস্টার বিপ্লব মোহাম্মদ নাসিমের রোগমুক্তির জন্য সবার দোয়া কামনা করছেন।

উল্লেখ্য, চিকিৎসার ফলে গত কয়েক দিনে শরীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শুক্রবার ভোরে হঠাৎ তার স্ট্রোক করে।

এর আগে গত ১ জুন জ্বর-কাশিসহ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে রাজধানী শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ওই পরীক্ষার ফল পজেটিভ আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *