প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদদের স্মরণে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে কতিপয় বিপথগামী সেনা সদস্যদের বুলেটের নির্মম আঘাতে শহীদ হন।

জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা সে সময় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান।

জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনকে নিয়ে জাতির পিতার স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ভবনে যান। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন।

প্রধানমন্ত্রী পরে বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তার মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, তিন ভাই শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেলসহ সেদিনের ঘটনায় নিহত পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি সেখানে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ দোয়ায় শরীক হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *