মারা গেছেন সাংবাদিক হিলালী ওয়াদুদ

১৫ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা গেছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে হিলালীর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

তিনি ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন।

হিলালীর পারিবারিক সূত্র জানায়, শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ডিএসইসির বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য খিলগাঁওয়ের বাসা থেকে বের হচ্ছিলেন হিলালী। এমন সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সাথে সাথে তাকে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিলালীর প্রথম জানাজা তার কর্মস্থল ভোরের কাগজ ভবনে হবে। এরপর জাতীয় প্রেসক্লাবে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে সরাসরি গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে দাফন করা হবে।

হিলালীর স্ত্রী, একমাত্র মেয়ে সামারা হিলালী রেখে গেছেন।

হিলালীর মৃত্যুজনিত কারণে আগামীকাল অনুষ্ঠেয় ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচন পিছিয়ে ২৪ জানুয়ারি নেয়া হয়েছে বলে কাউন্সিলের কার্যনির্বাহী সদস্য আব্দুল অদুদ গণমাধ্যমকে জানিয়েছেন।

তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমন ও সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক শোক প্রকাশ করেছেন।

পৃথক শোক বার্তায় তারা হিলালীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *