২৯ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করতে করতে মাঠ ছেড়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। শেষ ম্যাচে নিজের আউট নিয়ে হতাশা প্রকাশ করায় জরিমানা গুনতে হয়েছে তামিমকে।
শনিবারের আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ মে শেষ ম্যাচে ‘অনুপযোগী’ ভাষা ব্যবহার করায় তামিমকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সাথে বাঁহাতি এই ব্যাটসম্যানের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে যা তার প্রথম।
শ্রীলঙ্কার ২৮৬ রান তাড়ায় বাংলাদেশ ইনিংসের দশম ওভারের ঘটনা এটি। মোহাম্মদ নাইম শেখ ও সাকিব আল হাসানকে হারিয়ে ধুকছে স্বাগতিকরা। দলের হাল ধরার পথে কেবলই থিতু হয়ে উঠছিলেন তামিম, তখনই খান ধাক্কা।
দুশমন্থ চামিরার ফুল লেংথ বল ড্রাইভ করার চেষ্টা করে ব্যর্থ হন বাঁহাতি এই ওপেনার। লঙ্কানদের কট বিহাইন্ডের আবেদনে আঙুল তুলতে খুব একটা সময় নেননি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। একটা শব্দও অবশ্য শোনা যায়।
সাথে সাথেই রিভিউ নেন তামিম। আল্ট্রা-এজ-এ ধরা পড়ে শব্দ। তবে বল যখন ব্যাটের পাশে, ঠিক ওই সময়টাতেই ব্যাট লাগে মাটিতেও। তাই শব্দ আসলে কোনটির, নিশ্চিত হওয়া যায়নি বারবার রিপ্লে দেখেও। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেয়ার মতো যথেষ্ট প্রমাণ না পাওয়ায় সিদ্ধান্ত বহাল রাখেন তৃতীয় আম্পায়ার।
১৭ রানে আউট হওয়া তামিম তাতে নাখোশ হন যথেষ্টই। ড্রেসিং রুমে ফেরার পথে অসন্তোষ প্রকাশ করেন।
আম্পায়াররা অভিযোগ আনেন তামিমের বিরুদ্ধে। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে ভুল স্বীকার করেছেন তিনি। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
ম্যাচটি বাংলাদেশ হেরে যায় ৯৭ রানে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসির সুপার লিগের এই সিরিজে পূর্ণ পয়েন্ট পাওয়া হয়নি স্বাগতিকদের। প্রথম দুই ম্যাচ জিতে অবশ্য সফরকারীদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পায় তামিম বাহিনী। ৫০ পয়েন্ট নিয়ে সুপার লিগের টেবিলে শীর্ষে টাইগাররা।
ক্রিকেট/এসকেএম















