আক্রান্তের সংখ্যা সাড়ে ৮৭ হাজার

করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৩২ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১ হাজার ১৭১ জন। গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১৪১ জনের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট ৮৭ হাজার ৫২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫৭৮ জন। গতকালের চেয়ে আজ ৩২৫ জন বেশি সুস্থ হয়েছেন।

তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ৫ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

অঞ্চল বিবেচনায় এদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, সিলেট বিভাগের ২ জন, ময়মনসিংহ বিভাগের ১ জন, রংপুর বিভাগের ১ জন এবং বরিশাল বিভাগের ১ জন রয়েছেন। ২৭ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২০ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন ১১ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় ১ জনকে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১৪১ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২৮৫ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিল ২ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৬৯০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ১ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

তিনি জানান, দেশের বিমানবন্দর, নৌ, সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৭ জনসহ মোট বাংলাদেশে আগত ৭ লাখ ১৮ হাজার ২৩৯ জনকে স্কিনিং করা হয়েছে।